Latest News

🌟 WEEKLY WRAP UP 🌟

সুজিত বসু গ্রেফতার: পুরনিয়োগ দুর্নীতি মামলায় জেরার পর ইডির বড় পদক্ষেপ

Author : Bureau Reporter

11 May 2026 10:23 PM

65

কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে সোমবার রাতে গ্রেফতার করল Enforcement Directorate (ইডি)। প্রায় সাড়ে ১০ ঘণ্টার ম্যারাথন জেরার পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতর থেকেই তাঁকে গ্রেফতার করা হয় বলে কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ইডির দফতরে হাজিরা দেন বিধাননগরের সদ্য-পরাজিত বিধায়ক সুজিত বসু। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীও। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে নাম সুপারিশ করার বিষয়টি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ সময় ধরে একাধিক নথি ও তথ্যের ভিত্তিতে তাঁকে জেরা করেন ইডি আধিকারিকরা।

উল্লেখ্য, এর আগেও গত ১ মে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন সুজিত বসু। তবে ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এই প্রথম বার তাঁকে তলব করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁর ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেই সূত্র ধরেই সোমবার রাত সওয়া ৯টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়েছে। বিরোধীদের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় আরও প্রভাবশালী নেতার নাম সামনে আসতে পারে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইডি সূত্রে খবর, মঙ্গলবার আদালতে পেশ করে সুজিত বসুকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে। তদন্তকারীরা মনে করছেন, জেরায় আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে, যা নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন মোড় আনতে পারে।

Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW