সূত্রের খবর, নির্বাচন কমিশনের তরফ থেকে প্রথমে ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে সেই অভিযোগ কলকাতা পুলিশের সাইবার সেলের হাতে যায়। তদন্তের পরেই গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার তাঁকে আদালতে তোলা হতে পারে।
ভোট চলাকালীন সময়ে গর্গ চট্টোপাধ্যায় প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন, রাতে নিরাপত্তার মধ্যে সিল করে রাখা ইভিএম গণনার সময় কেন বিকল হচ্ছে। পাশাপাশি তিনি ভোটারদের ভিভিপ্যাট ভালোভাবে পরীক্ষা করার পরামর্শও দেন। এই মন্তব্যগুলিকেই গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয় বলে প্রশাসনিক সূত্রের দাবি।
ভবানীপুর কেন্দ্রে ভোট দিতে গিয়েও তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন বলে জানা যায়।
গর্গ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান এবং বক্তব্য নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। অনেকের মতে, বাংলা ভাষা ও বাঙালি আবেগকে সামনে রেখে তিনি যেভাবে রাজনীতি করছিলেন, তা দেশের ঐক্য ও অখণ্ডতার পক্ষে ক্ষতিকর। সমালোচকদের প্রশ্ন, কেন শুধুমাত্র “বাংলা” ইস্যু তুলে অবাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক পরিবেশ তৈরি করা হবে?
অন্যদিকে, তাঁর সমর্থকদের দাবি, বাংলার ভাষা, সংস্কৃতি ও বাঙালির অধিকার রক্ষার জন্য গর্গ চট্টোপাধ্যায় যে লড়াই করেছেন, তা সমর্থনযোগ্য। তাঁদের মতে, বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে সরব হওয়া গণতান্ত্রিক অধিকার।
এটাই প্রথম নয়। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন গর্গ চট্টোপাধ্যায়। অতীতে সোশ্যাল মিডিয়ায় করা কিছু মন্তব্য ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই সময় অনলাইনে নিঃশর্ত ক্ষমা চেয়ে বিতর্ক থেকে বেরিয়ে আসেন ।
Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW