তোলাবাজির অভিযোগে গ্রেফতার আইএনটিটিইউসি নেতা রাজু অহলুয়ালিয়া, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব আসানসোল রাজনীতি
আসানসোলে তোলাবাজির অভিযোগ ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র আসানসোল ব্লক সভাপতি রাজু অহলুয়ালিয়াকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। সোমবার সকালে তাঁকে আসানসোল আদালতে তোলা হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং পুরো ঘটনাকে “গভীর রাজনৈতিক ষড়যন্ত্র” বলে দাবি করেন।
পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে আসানসোলের মহিশীলা কলোনি এলাকা থেকে তোলাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। তদন্তের সময় ধৃতদের জেরা করে উঠে আসে রাজু অহলুয়ালিয়ার নাম। অভিযোগ, এলাকায় সংগঠিত তোলাবাজির পিছনে তাঁরই মদত ছিল এবং আদায় হওয়া টাকা তাঁর কাছেই পৌঁছে দেওয়া হতো। সেই তথ্যের ভিত্তিতেই পুলিশ রাজুকে গ্রেফতার করে।
রাজু অহলুয়ালিয়া অবশ্য দাবি করেছেন, তিনি বরাবরই তোলাবাজির বিরুদ্ধে সরব ছিলেন। আদালতে যাওয়ার সময় তিনি বলেন, “আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি বলেই আজ আমাকে ফাঁসানো হচ্ছে।” যদিও কার বিরুদ্ধে তাঁর অভিযোগ, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তবে তাঁর মন্তব্য ঘিরে আসানসোলের রাজনৈতিক অন্দরে জল্পনা তুঙ্গে উঠেছে।
স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের দাবি, রাজু অহলুয়ালিয়া প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা তৃণমূলের অন্দরে চাপা অস্বস্তি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW