জুনেই বড় সুখবর! অন্নপূর্ণা ভাণ্ডারে মাসে ৩০০০ টাকা, ফের আবেদনের কি প্রয়োজন আছে?
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর বড় ঘোষণা করল নতুন রাজ্য সরকার। নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, রাজ্যের জনপ্রিয় আর্থিক সহায়তা প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর নাম পরিবর্তন করে চালু করা হচ্ছে নতুন প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। সোমবার অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন থেকেই রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এর আগে সাধারণ শ্রেণি ও তপশিলি জাতি/উপজাতিভুক্ত মহিলাদের জন্য অনুদানের পরিমাণে পার্থক্য ছিল। তবে নতুন প্রকল্পে সেই বিভাজন তুলে দিয়ে সকল উপভোক্তার জন্য সমান ৩০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বর্তমানে যারা ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা পাচ্ছেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না। সরকার জানিয়েছে, পুরনো প্রকল্পের সমস্ত উপভোক্তাকে স্বয়ংক্রিয়ভাবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর আওতায় নিয়ে আসা হবে। ফলে নতুন করে লাইনে দাঁড়ানো বা পুনরায় ফর্ম জমা দেওয়ার ঝামেলা থাকছে না।
অন্যদিকে, নতুন আবেদনকারীদের জন্য খুব শীঘ্রই একটি সরকারি অনলাইন পোর্টাল চালু করা হবে। সেখানে আধার কার্ড, ভোটার আইডি এবং আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিয়ে আবেদন করা যাবে। ২৫ থেকে ৬০ বছর বয়সী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
সরকার আরও জানিয়েছে, সিএএ (CAA) আবেদনকারী এবং ট্রাইব্যুনালের মাধ্যমে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চলা শরণার্থীদেরও এই প্রকল্পের সুবিধার আওতায় আনা হবে। নতুন সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।
Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW